মুখ্যমন্ত্রীর হাতে চিঠি দিতে না পেরে খালি হাতেই ফিরলেন ভাবাদিঘির বাসিন্দারা
হুগলি , ২ জুন (হি.স.) : দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অভিযোগ ও একাধিক দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানাতে মঙ্গলবার তারকেশ্বরে পৌঁছেছিলেন ভাবাদিঘির একদল বাসিন্দা। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে তাঁরা একটি খোলা চিঠি নিয়ে গেলেও শেষ পর্যন্ত ত
চিঠি দিতে পারলেন না মুখ্যমন্ত্রীকে ভাবাদিগীবাসী


হুগলি , ২ জুন (হি.স.) : দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অভিযোগ ও একাধিক দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানাতে মঙ্গলবার তারকেশ্বরে পৌঁছেছিলেন ভাবাদিঘির একদল বাসিন্দা। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে তাঁরা একটি খোলা চিঠি নিয়ে গেলেও শেষ পর্যন্ত তা তাঁর হাতে তুলে দিতে পারেননি। নিরাপত্তাজনিত কারণে তাঁদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

বাসিন্দাদের দাবি, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আইনি জটিলতায় আটকে থাকার পর ভাবাদিঘি এলাকায় রেললাইন নির্মাণের কাজ শুরু হলেও সরকারের পক্ষ থেকে দেওয়া উন্নয়নের বহু প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবির কথা তুলে ধরেই তাঁরা একটি খোলা চিঠি প্রস্তুত করেছিলেন।

সেই চিঠি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে এদিন তারকেশ্বরে গেলেও কড়া নিরাপত্তা বলয়ের কারণে তাঁর কাছে পৌঁছানোর সুযোগ পাননি বলে অভিযোগ বাসিন্দাদের। ফলে বহু প্রত্যাশা নিয়ে যাওয়া সেই চিঠি আর মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি।

ভাবাদিঘির এক বাসিন্দা বলেন, “আমরা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে যাইনি। এলাকার দীর্ঘদিনের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চেয়েছিলাম। কিন্তু নিরাপত্তার কারণে আমাদের কথা তাঁর কাছে পৌঁছল না। এতে আমরা হতাশ।”

স্থানীয়দের অভিযোগ, রেল প্রকল্পের কাজ শুরু হলেও এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, কর্মসংস্থানসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও উন্নয়নের ঘাটতি রয়ে গেছে। খোলা চিঠিতে সেই বিষয়গুলিই তুলে ধরা হয়েছিল।

চিঠি জমা দিতে না পেরে শেষ পর্যন্ত নিরাশ হয়েই ফিরতে হয় বাসিন্দাদের। তবে তাঁরা জানিয়েছেন, এলাকার উন্নয়নের দাবিতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রশাসনের উচ্চস্তরে বিষয়টি পৌঁছে দিতে বিকল্প পথেরও সন্ধান করা হবে।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ভাবাদিঘির বাসিন্দাদের এই উদ্যোগ স্থানীয় মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন এলাকার মানুষের নজর, তাঁদের দীর্ঘদিনের দাবি কত দ্রুত প্রশাসনের নজরে আসে তার উপর।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande