আত্মসমর্পণকারী জঙ্গিদের দাবিদাওয়া নিয়ে সচিবালয়ে বৈঠক, ইতিবাচক আশ্বাস সরকারের
আগরতলা, ২ জুন (হি.স.) : আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ডস কমিটি (টিজিআরডিসি)-এর দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে মঙ্গলবার রাজ্য সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ
আত্মসমর্পণকারী জঙ্গিদের সাথে বৈঠক


আগরতলা, ২ জুন (হি.স.) : আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ডস কমিটি (টিজিআরডিসি)-এর দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে মঙ্গলবার রাজ্য সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিক এবং টিজিআরডিসি-র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে জনজাতি কল্যাণ দফতর, স্বরাষ্ট্র দফতর, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন, আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান এবং অন্যান্য দীর্ঘদিনের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। টিজিআরডিসি-র পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের সদস্যদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও প্রত্যাশার বিষয়গুলি সরকারের সামনে তুলে ধরেন।

বৈঠকে টিজিআরডিসি-র প্রতিনিধিরা জানান, আত্মসমর্পণের পর শান্তিপূর্ণ জীবনে ফিরে আসলেও সংগঠনের বহু সদস্য এখনও বিভিন্ন আর্থিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। পুনর্বাসন সংক্রান্ত কিছু বিষয়, সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি এবং জীবন-জীবিকার উন্নয়নের লক্ষ্যে একাধিক দাবি সরকারের কাছে উপস্থাপন করা হয়। সংগঠনের পক্ষ থেকে এসব বিষয় দ্রুত বিবেচনার আবেদন জানানো হয়।

সরকারের পক্ষ থেকে প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনা হয় এবং উত্থাপিত বিষয়গুলিকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট দফতগুলির সঙ্গে সমন্বয় সাধন করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দাবিগুলির বাস্তবায়ন ও সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে সরকারি প্রতিনিধিরা বলেন, রাজ্য সরকার সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। শান্তি, উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন ও কল্যাণমূলক বিষয়গুলিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সেই ধারাবাহিকতায় টিজিআরডিসি-র উত্থাপিত বিষয়গুলিও সংশ্লিষ্ট দফতরগুলির মাধ্যমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈঠকের পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। আলোচনার শেষে উভয় পক্ষই আশা ব্যক্ত করেন যে পারস্পরিক সহযোগিতা, সদিচ্ছা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে উত্থাপিত সমস্যাগুলির বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান শীঘ্রই সম্ভব হবে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টিজিআরডিসি-র প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সরকার ও সংগঠনের মধ্যে গঠনমূলক সংলাপের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। সংশ্লিষ্ট মহলের মতে, এই বৈঠক আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন ও মূলধারায় অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande