
আগরতলা, ২ জুন (হি.স.) : রাজ্যে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার প্রসার এবং ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি বলেন, খেলাধুলার বিকাশ এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের এগিয়ে নিয়ে যেতে রাজ্য বাজেটেও পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ক্রিকেট কিট ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ১০৮ জন উদীয়মান ক্রিকেটারের হাতে ক্রিকেট কিট ব্যাগ ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দেবাশীষ চন্দ্র দাস, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদাধিকারীসহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। অতিথিরা নির্বাচিত ক্রিকেটারদের হাতে কিট ব্যাগ, ব্যাট, প্যাড, গ্লাভসসহ বিভিন্ন ক্রিকেট সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আকৃষ্ট করতে রাজ্য সরকার এবং বিভিন্ন ক্রীড়া সংস্থা সমন্বিতভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার গত আট বছরে খেলাধুলার বিকাশে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা, মাঠ সংস্কার, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ প্রদানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই সরকারের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিন ক্রীড়া সামগ্রী ও ক্রিকেট কিট ব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উদীয়মান ক্রিকেটাররা। তাঁরা জানান, এই ধরনের সহায়তা তাঁদের অনুশীলন ও খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে বড় মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠিত এই উদ্যোগকে রাজ্যের ক্রিকেট ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন উপস্থিত ক্রীড়া সংগঠক ও অভিভাবকরাও। তাঁরা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতা এবং ক্রীড়া সংস্থাগুলির যৌথ প্রচেষ্টায় ত্রিপুরা থেকে আরও বেশি সংখ্যক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ