জুলাইয়ের প্রথম সপ্তাহে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বছর বাঁচাও পরীক্ষা
আগরতলা, ২ জুন (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বছর বাঁচাও (সেভ ইয়ার) পরীক্ষা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের আবেদন গ্রহণের প্রক্রিয়া
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি


আগরতলা, ২ জুন (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বছর বাঁচাও (সেভ ইয়ার) পরীক্ষা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৯ জুন পর্যন্ত চলবে। মঙ্গলবার পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী এই তথ্য জানান।

পর্ষদ সূত্রে জানা গেছে, চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল গত ৮ মে প্রকাশিত হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী ফল প্রকাশের ৬০ দিনের মধ্যে বছর বাঁচাও পরীক্ষা আয়োজন করতে হয়। সেই নিয়ম মেনেই আগামী ৬ জুলাই এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী জানান, পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন (রিভিউ) সংক্রান্ত সমস্ত কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গত ১ জুন রিভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমানে উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। যেসব পরীক্ষার্থী নিজেদের উত্তরপত্র পর্যালোচনা করতে ইচ্ছুক, তাঁরা আগামী ৯ জুন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

তিনি আরও জানান, বছর বাঁচাও পরীক্ষার ফলাফলও জুলাই মাসের মধ্যেই প্রকাশ করা হবে। ফলে পরীক্ষার্থীদের উচ্চশিক্ষা বা পরবর্তী শ্রেণিতে ভর্তি সংক্রান্ত প্রক্রিয়ায় কোনও বিলম্ব হবে না। এই পরীক্ষার মাধ্যমে অনেক পরীক্ষার্থী পুনরায় সুযোগ পেয়ে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যার ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামগ্রিক পাশের হারও কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

পর্ষদ সভাপতি বলেন, বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়েই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হবে। ইতিমধ্যে পরীক্ষার ফল প্রকাশ, রিভিউ এবং সেলফ ইন্সপেকশনের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলি নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হয়েছে।

শিক্ষামহলে মনে করা হচ্ছে, বছর বাঁচাও পরীক্ষা বহু শিক্ষার্থীর কাছে নতুন সুযোগ এনে দেবে। যাঁরা অল্পের জন্য উত্তীর্ণ হতে পারেনি, তাঁরা এই পরীক্ষার মাধ্যমে নিজেদের শিক্ষাবর্ষ রক্ষা করার সুযোগ পাবে। ফলে পরীক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই এই পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande