
হুগলি , ২২জুন (হি.স.): দীর্ঘদিনের দাবির পর আরামবাগকে নতুন জেলা হিসেবে ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোমবার আরামবাগ শহরে ধন্যবাদ যাত্রার আয়োজন করল ‘আরামবাগ জেলা চাই পরিষদ’। এদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা রাজ্যের বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আরামবাগ মহকুমার চার বিজেপি বিধায়কের ভূমিকাকেও সাধুবাদ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে আরামবাগকে জেলা করার দাবিতে সাধারণ মানুষ আন্দোলন ও গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে এসেছিলেন। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় এলাকার মানুষ আনন্দিত।
ধন্যবাদ যাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহর পরিক্রমা করেন। জেলা ঘোষণার ফলে প্রশাসনিক পরিষেবা আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মত প্রকাশ করেন তাঁরা।
‘আরামবাগ জেলা চাই পরিষদ’-এর সদস্যরা জানান, এই ঘোষণার ফলে আরামবাগ মহকুমার মানুষকে আর বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য দূরে যেতে হবে না। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও প্রশাসনিক ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তাঁদের আশা।
সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উৎসবের আবহ তৈরি হয়। বহু সাধারণ মানুষও পদযাত্রায় সামিল হয়ে নতুন জেলার দাবিপূরণে আনন্দ প্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA