৪ আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই, গুয়াহাটি-আবুধাবি সরাসরি বিমান পরিষেবা, জানান মুখ্যমন্ত্ৰী হিমন্ত
গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং গুয়াহাটি থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই পদক্ষেপ অসমের আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও
এয়ার ইন্ডিয়া_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং গুয়াহাটি থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই পদক্ষেপ অসমের আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, বলেছেন মুখ্যমন্ত্রী।

আজ সোমবার নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, এয়ার ইন্ডিয়ার পরিচালনায় নন-স্টপ এই বিমান পরিষেবা অসমকে বিশ্বের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এবং গুয়াহাটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ যাতায়াত ও ট্রানজিট কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

এক্স-এ তিনি লিখেছেন, ‘অসমকে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি হচ্ছে! ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি অসম ভ্রমণ সংক্রান্ত পরামর্শ প্রত্যাহার করার কয়েকদিন পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৪ আগস্ট থেকে এয়ার ইন্ডিয়া গুয়াহাটি থেকে দুবাই ও আবুধাবির সরাসরি বিমান পরিষেবা শুরু করবে।’

নতুন রুট চালু হলে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি চারটি দেশের সঙ্গে যুক্ত হবে, সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই), থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভুটান।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার এখন ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের জন্য কাজ করছে। তিনি বলেন, ‘আমার পরবর্তী লক্ষ্য হলো ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করা। এ বিষয়ে আমি আপনাদের জানাতে থাকব।’

প্ৰসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি অসম ভ্রমণ সংক্রান্ত পূর্বের সতর্কতামূলক নির্দেশিকা সংশোধন করে নাগরিকদের জন্য আরোপিত নিষেধাজ্ঞামূলক পরামর্শ তুলে নিয়েছে। ২০ জুন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই সিদ্ধান্তকে ‘উৎসাহজনক খবর’ বলে স্বাগত জানিয়ে একে অসমের প্রতি আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাম্প্রতিক অসম সফরের পর এই পরিবর্তন এসেছে, যা অসম ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করবে।

হিমন্তবিশ্ব শর্মা বলেন, এই সিদ্ধান্ত পর্যটন, ব্যবসায়িক সম্পর্ক এবং অসম ও ইউরোপীয় দেশগুলির মধ্যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বৃদ্ধি করবে। এই উদ্যোগে সহযোগিতার জন্য তিনি ভারতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হার্ভে ডেলফিন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande