
শ্রীভূমি (অসম), ২২ জুন (হি.স.) : শ্রীভূমি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ সোমবার শ্রীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব এবং শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক শহরের দুটি গুরুত্বপূর্ণ গণদাবি নিয়ে করিমগঞ্জ অধুনা শ্রীভূমি)-এর সাংসদ কৃপানাথ মালার হাতে এক স্মারকপত্র তুলে দিয়েছেন।
স্মারকপত্রে শহরের ব্যস্ততম রেলগেটে একটি আধুনিক ফ্লাইওভার নির্মাণ এবং কানিশাইল থেকে পোয়ামারা পর্যন্ত সড়ককে ডাবল লেনে উন্নীত করার দাবি জানানো হয়েছে। স্মারকপত্রে বলা হয়েছে, এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে শ্রীভূমি শহরের যানজট অনেকাংশে কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
কৃপানাথ মালা জানান, স্মারকপত্রে উল্লিখিত দুটি দাবি ইতিমধ্যেই তিনি সংসদে জোরালোভাবে উত্থাপন করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রীয় দফতরের কাছে বিষয়টি দ্রুত বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন তিনি।
সাংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব এবং জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় সরকারের ইতিবাচক উদ্যোগে দীর্ঘদিনের এই দুটি গণদাবি দ্রুত বাস্তবায়িত হবে। এর ফলে শ্রীভূমি শহরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং প্রতিদিনের যানজট ও জনভোগান্তি থেকে সাধারণ মানুষ অনেকটাই মুক্তি পাবেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস