
শ্রীভূমি (অসম), ২২ জুন (হি.স.) : অসম সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি, পার্বত্য অঞ্চল এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ সোমবার শ্রীভূমি শহরে অবস্থিত ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেছেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, পুর কমিশনার ডা. দেবতোষ পাল এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।
রামকৃষ্ণ মিশনে গিয়ে মন্ত্রী প্রথমে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করেন। এর পর তিনি মহারাজ স্বামী প্রেমঘনানন্দজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মিশনের বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রীভূমি জেলার সামগ্রিক উন্নয়ন, জনসেবা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, রামকৃষ্ণ মিশন শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও মানবকল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জেলার উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মিশনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা প্রশাসনের কাছে অত্যন্ত মূল্যবান। তিনি জানান, স্বামী প্রেমঘনানন্দজির বিভিন্ন পরামর্শ তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং আগামী দিনে সেই পরামর্শ বাস্তবায়নের মাধ্যমে জেলার মানুষ সুফল পাবেন বলে তিনি আশাবাদী।
মন্ত্রী আরও বলেন, সরকার ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই জনকল্যাণমূলক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব। সেই লক্ষ্যেই রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস