
হুগলি , ২২ জুন (হি.স.): সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুদ, তোলাবাজি এবং এলাকায় হিংসাত্মক ঘটনায় মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়কে সোমবার চন্দননগর আদালতে পেশ করল পুলিশ।
জানা গিয়েছে, একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর কয়েকদিন আগে কর্নাটকের বেলগাভি এলাকা থেকে ধনিয়াখালি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সূত্রে খবর, সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুদ রাখা, তোলাবাজির মাধ্যমে অর্থ আদায় এবং এলাকায় সংঘটিত বিভিন্ন হিংসাত্মক ঘটনায় মদত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আরও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।
সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তকে চন্দননগর আদালতে তোলা হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।
যদিও অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেসের একাংশ। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA