
হুগলি , ২২জুন (হি.স.): ডানকুনিতে জলজমায় মানুষের জীবন দুর্বিষহ, বৃষ্টির পর নর্দমার জল ঢুকছে বাড়িতে ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জলনিকাশি সমস্যাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সোমবার এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, সামান্য বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং সেই জল বহুদিন ধরে নামতে চায় না।
স্থানীয়দের দাবি, অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। নর্দমার নোংরা জল উপচে রাস্তায় চলে আসে এবং সেই জল বাড়ির ভিতর পর্যন্ত ঢুকে পড়ে। ফলে বহু পরিবার জলবন্দি অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। বাড়িতে জল ঢুকে পড়ায় দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাসিন্দাদের অভিযোগ, জলজমার কারণে বিভিন্ন এলাকায় আবর্জনা ও নোংরা জমে থাকছে। এর ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সংক্রামক রোগের আশঙ্কাও বাড়ছে।
এলাকার মানুষ জানান, তাঁরা একাধিকবার স্থানীয় কাউন্সিলর এবং পুর প্রশাসনের কাছে সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। তাঁদের দাবি, এক সময় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছিল, কিন্তু তাতেও সমস্যার কোনও সমাধান হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুরসভার পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ডানকুনি পুরসভায় প্রশাসক নিয়োজিত থাকলেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।
এলাকাবাসীরা রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করে বলেন, প্রতি বছর বর্ষার সময় তাঁদের একই সমস্যার মুখোমুখি হতে হয়। তাঁদের প্রশ্ন, জলজমা ও নোংরার এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি কবে মিলবে?
বর্ষার শুরুতেই ১৩ নম্বর ওয়ার্ডের এই সমস্যা ফের সামনে আসায় ডানকুনি পুরসভার জলনিকাশি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA