
কলকাতা, ২২ জুন (হি. স.) : চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটকে সোমবার ‘জনবিরোধী’ আখ্যা দিল এসইউসিআই(কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সোমবার এক বিবৃতিতে দাবি করেন, বাজেটে উন্নয়নের চমক দেখানোর চেষ্টা থাকলেও তা মূলত কেন্দ্রীয় অনুদাননির্ভর এবং কর্পোরেট স্বার্থরক্ষাকারী।
বিরোধী এই দলের অভিযোগ, দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নের বদলে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি ও শিল্পপতিদের জন্য প্রণোদনার উপর জোর দেওয়া হয়েছে। এতে শ্রমনিবিড় শিল্প গড়ে উঠবে না এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও সীমিত থাকবে। এক লক্ষ শূন্যপদ পূরণ ও ৫০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করা হলেও তার সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই বলেও দাবি করা হয়েছে।
সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে অপর্যাপ্ত বলে উল্লেখ করে এসইউসিআই(সি) জানায়, কেন্দ্রীয় হারের সঙ্গে এখনও ২২ শতাংশ ফারাক রয়ে গেল। আশা, অঙ্গনওয়াড়ি ও মিড-ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি হলেও তাঁদের স্থায়ী কর্মীর স্বীকৃতি ও নির্দিষ্ট বেতন কাঠামোর দাবি পূরণ হয়নি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রকৃত বরাদ্দ বৃদ্ধি খুবই কম বলেও অভিযোগ করেছে দলটি। পাশাপাশি কৃষি, বন্ধ চা-বাগান, সুন্দরবনের নদীবাঁধ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছে এসইউসিআই(সি)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত