
ধর্মশালা, ২৩ জুন (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল নুরপুর পুলিশ। ইন্দোরা থানা এলাকার একটি বাড়ি থেকে ৩৯.১৪ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়েছে। এই ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার নুরপুরের পুলিশ সুপার কুলভূষণ ভার্মা জানিয়েছেন, সিআইএ নুরপুরের একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে কান্দওয়াল, ভদ্রোয়া, ইন্দোরা ও দামতাল এলাকায় নজরদারি চালাচ্ছিল। সেই সময় তামোতা গ্রামের রেল ফটকের কাছে গোপন সূত্রে খবর মেলে, একটি পরিবার মাদক বিক্রির কারবারের সঙ্গে জড়িত।
খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ করে। তদন্তে জানা যায়, তামোতা গ্রামের বাসিন্দা কল্পনা ওরফে কাপ্পু (২৭), তাঁর বোন গুলফাম ওরফে রিতা (৩২) এবং ভগ্নিপতি পবন কুমার (৩৬) মিলে ওই কারবার চালাচ্ছিলেন। পবন কুমার পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাসুয়া তহসিলের বালাগান গ্রামের বাসিন্দা।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কল্পনার বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় সেখান থেকে ৩৯.১৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই ঘটনায় কল্পনা, গুলফাম এবং পবন কুমারের বিরুদ্ধে ইন্দোরা থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস