
বাজারিছড়া (অসম), ২৩ জুন (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত লোয়াইরপোয়া ব্লকের শিবেরগুল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে আজ মঙ্গলবার স্থানীয় মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে একদিবসীয় নগর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে স্থানীয় বিভিন্ন স্কুলের ৫০-এর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।
বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার উপসভাপতি নিটন সেন, সম্পাদক কপিল পাল এবং প্রাক্তন সভাপতি সুজয় পাল।
শিবিরের মূল উদ্দেশ্য ছিল ছাত্র সমাজের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। দিনব্যাপী শিবিরে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা ও প্রশিক্ষণও প্রদান করা হয়।
শিবিরের শেষ পর্যায়ে ২০২৬-২৭ বর্ষের জন্য শিবেরগুল ইউনিটের নতুন কার্যকারিণী কমিটি ঘোষণা করা হয়। নয়া কমিটিতে সভাপতি পদে নিটন সেন ও সম্পাদক পদে প্রদীপ দাসকে মনোনীত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নয়া কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের রাজ্য স্তরের পদাধিকারী সুরজকুমার কানু আশা ব্যক্ত করে বলেন, এই কমিটি আগামী দিনে ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা এবং সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। শিবিরে অন্যা ন্য দের মধ্যে উপস্থিত ছিলেন বাজারিছড়া খণ্ডের কার্যকারিণী সদস্যর দীপক বর্ধন, শিক্ষক উল্লাসকর রায়, প্রদীপ দেবনাথ, রিয়া দেব, সানি দাস, জয় দাস, পম্পি শুক্লবৈদ্য প্রমুখ। শেষে সমবেত কণ্ঠে বন্দেমাতরম পরিবেশনের মাধ্যমে শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস