
কলকাতা, ২৩ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার বিদেশ যাওয়ার তোড়জোড় শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত একটি আবেদনের উল্লেখ করেন তিনি। চলতি সপ্তাহের শেষের দিকেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতের কাছে সাত দিনের জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়েছেন। যদিও বর্তমানে তাঁর বিদেশ যাত্রার ওপর সরাসরি কোনও নিষেধাজ্ঞা নেই, তবে একাধিক বিচারাধীন মামলায় তাঁর নাম জড়িয়ে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তিনি আদালতের অনুমতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে আদালত তাঁকে সংশ্লিষ্ট মামলাগুলির তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে তাঁর বিদেশ যাত্রা নিয়ে তদন্ত প্রক্রিয়ায় কোনও ধরনের প্রশ্ন বা জটিলতা তৈরি না হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি