
আরামবাগ, ২৩ জুন (হি.স.): জঙ্গলে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর ফরেস্টে। মৃত বৃদ্ধের নাম মনসা বাগ, বয়স আনুমানিক ৬৭ বছর। তাঁর বাড়ি আরামবাগ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের চাষীপাড়ায়।
জানা গেছে, মনসা বাগ প্রতিদিনের মতো এদিনও চাঁদুর ফরেস্টে গরু চরাতে এসেছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ। পাশাপাশি তাঁর ডান হাতের কব্জি থেকে তালু পর্যন্ত কেটে নিয়ে চলে যায়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, এদিন মনসা বাগ যখন গরু চড়াচ্ছিলেন তখন এক মুখ ঢাকা ব্যক্তি তাঁকে প্রথমে পিছন থেকে একটি বড় ইট দিয়ে মাথায় মারে। এরপরে মাটিতে লুটিয়ে যান তিনি। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তিনি তা দেখতে পেয়ে প্রতিবাদ করায় তাঁকেও মারতে যায় ওই ব্যক্তি। এরপর তিনি লোকজন ডেকে এনে দেখেন মনসা বাবুর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় মনসা বাবুর বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA