
মালদা, ২৩ জুন (হি.স.): মালদার কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ মে কালিয়াচক থানায় দায়ের হওয়া একটি মাদক সংক্রান্ত মামলার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, কালিয়াচকের নওদা যদুপুর এলাকায় একসময় বকুল শেখ এবং জাকির শেখের ক্ষমতা দখলের লড়াইয়ে সাধারণ মানুষের ঘুম উড়ে গিয়েছিল। গুলি এবং বোমাবাজি ছিল ওই এলাকার নিত্যদিনের ঘটনা। দুই গোষ্ঠীর এই রক্তক্ষয়ী সংঘর্ষে এর আগে উভয় পক্ষেরই বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বর্তমানে জাকির শেখ জেলেই বন্দি রয়েছে। তবে তার অনুপস্থিতিতেও মাঝেমধ্যে দুই পক্ষের অনুগামীদের মধ্যে উত্তেজনা ছড়াত। বকুল শেখের এই গ্রেফতারির ফলে এলাকায় অপরাধমূলক কার্যকলাপে অনেকটাই লাগাম টানা সম্ভব হবে বলে মনে করছে জেলা পুলিশ। মাদক চক্রের পাশাপাশি বকুলের আর কী কী দুষ্কর্মে যোগ রয়েছে, তা খতিয়ে দেখতে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কালিয়াচক থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ