
কলকাতা, ২৩ জুন (হি. স.) : রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার বিধানসভায় একুশের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি মূলত দাবি করেন যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের ওপর ব্যাপক অত্যাচার নেমে আসে। বাজেট অধিবেশনে বিধানসভায় শুভেন্দুর অভিযোগ, এক লক্ষেরও বেশি বিজেপি কর্মীকে ঘরছাড়া করা হয়েছিল। তাঁর দাবি, রাজনৈতিক সন্ত্রাসে ৫৭ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহার মৃত্যুর ঘটনাও এদিন উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “যে অত্যাচার আপনারা করেছেন ২১-এ, তা কোনও শত্রু দেশেও হয় না।”
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তিনি আরও জানান, তাঁর নামে মোট ১০২টি মামলা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে একাধিক মামলা উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পাশাপাশি, রাজনৈতিক কর্মসূচির অনুমতি পেতে তাঁকে ১০৪ বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল বলেও দাবি করেন তিনি।
বিধানসভার ভেতরে ও বাইরে বিরোধী কণ্ঠস্বর দমনের অভিযোগ তুলে শুভেন্দুর এই পরিসংখ্যানভিত্তিক আক্রমণ ঘিরে শাসক-বিরোধী তরজা নতুন মাত্রা পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত