অমরনাথ যাত্রার আগে নুনওয়ানে নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি
অনন্তনাগ, ২৩ জুন (হি.স.): আগামী মাসে শুরু হতে চলেছে পবিত্র অমরনাথ যাত্রা। সেই যাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার পহলগামের নুনওয়ান বেস ক্যাম্প পরিদর্শন করেন জম্মু ও কাশ্মীরের
অমরনাথ যাত্রার আগে নুনওয়ানে নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি


অনন্তনাগ, ২৩ জুন (হি.স.): আগামী মাসে শুরু হতে চলেছে পবিত্র অমরনাথ যাত্রা। সেই যাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার পহলগামের নুনওয়ান বেস ক্যাম্প পরিদর্শন করেন জম্মু ও কাশ্মীরের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) নলিন প্রভাত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ মহাপরিচালক (সমন্বয়) এবং কাশ্মীর জোনের পুলিশ মহাপরিদর্শক।

পরিদর্শনকালে ঊর্ধ্বতন পুলিশ ও নিরাপত্তা আধিকারিকরা ডিজিপিকে অমরনাথ যাত্রার নিরাপদ ও সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে গৃহীত বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। দক্ষিণ কাশ্মীর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক এবং অনন্তনাগের সিনিয়র পুলিশ সুপার সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা, বাহিনী মোতায়েনের কৌশল, নজরদারি ব্যবস্থা, প্রবেশ নিয়ন্ত্রণ পদ্ধতি, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলি তুলে ধরেন।

মঙ্গলবার আধিকারিকরা জানান, নুনওয়ান বেস ক্যাম্প এবং গোটা যাত্রাপথ জুড়ে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। চালানো হচ্ছে এলাকা নিয়ন্ত্রণমূলক অভিযান ও অন্তর্ঘাত-বিরোধী তল্লাশি। সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়ানো হয়েছে সতর্কতাও। যাত্রাপথের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখে ডিজিপি নলিন প্রভাত তীর্থযাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব নিরাপত্তা সংস্থার মধ্যে আরও নিবিড় সমন্বয় ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি আধিকারিকদের সর্বদা সজাগ থাকার পাশাপাশি নির্ধারিত নিরাপত্তা বিধি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেন।

আগামী মাসে শুরু হতে চলা এই বার্ষিক তীর্থযাত্রার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা ধারাবাহিকভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। পবিত্র অমরনাথ গুহা মন্দিরে আগত ভক্তদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন তীর্থযাত্রা নিশ্চিত করার ব্যাপারে নিজেদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande