
ইটাওয়া, ২৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের ইটাওয়া জেলার সরসাই নাভারে সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মিষ্টির দোকানের বাইরে থাকা পঞ্চায়েতর ওয়াটার কুলারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। পরে সেই আগুন মিষ্টির দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের আরও দুটি দোকানেও ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর তাঁদের উদ্যোগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে একাধিক দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানদার সুখদেব ওরফে সান্তু জানান, উসরাহার রোডের ধারে তাঁর মিষ্টির দোকান রয়েছে। প্রতিদিনের মতোই সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন। গভীর রাতে দোকানের বাইরে থাকা গ্রাম পঞ্চায়েতের ওয়াটার কুলারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই আগুন দ্রুত তাঁর দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং পাশের দুটি দোকানেও আগুন ধরে যায়। স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনায় ব্যবসায়ীদের আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস