
মালদা, ২৩ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি মঙ্গলবার এক দিনের সফরে মালদায় পৌঁছান এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকাল প্রায় ১০টা নাগাদ তিনি বন্দে ভারত এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছালে জেলা প্রশাসনের আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। এরপর তিনি সড়কপথে মালদা সার্কিট হাউসে যান। নিজের এই সফরের সময় রাজ্যপাল পুরাতন মালদায় অবস্থিত গুরুদ্বারে আয়োজিত শিখ সম্প্রদায়ের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি গুরু তেগ বাহাদুরের বলিদানের কথা স্মরণ করেন এবং বলেন যে, তাঁর আত্মত্যাগ ছিল ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য।
রাজ্যপাল বলেন, গুরু তেগ বাহাদুরের চরণ এই পবিত্র ভূমিতে পড়েছিল এবং আমাদের তাঁর বলিদানের উদ্দেশ্যকে কখনই ভুলে যাওয়া উচিত নয়। তিনি আরও বলেন, ভারত এক অনন্য রাষ্ট্র, যার ভিত্তি ঋষিদের তপস্যার ওপর এবং যার সংরক্ষণ বহু বীরের বলিদানের ওপর দাঁড়িয়ে রয়েছে। তিনি বিশেষ করে প্রায় ৪০০ বছর ধরে শিখ গুরুদের অবদানের কথা মনে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, ইতিহাসে আক্রমণকারীরা মন্দির এবং শিক্ষাকেন্দ্রগুলির ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু সমাজের হতাশ হওয়া উচিত নয় এবং নিজের সংস্কৃতি ও ধর্ম থেকে দূরে সরে যাওয়াও উচিত নয়। তিনি মনে করিয়ে দেন যে, গৃহস্থ জীবনযাপন করেও কীভাবে ধর্ম ও সংস্কৃতির সাথে যুক্ত থাকা যায়, সেই পথ গুরু নানক দেব জি দেখিয়েছিলেন।
প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যপাল তাঁর এই সফরে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানেও শামিল হন এবং ছাত্র ও শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করেন। এছাড়া তিনি জেলার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন গৌড়ের রামকেলি ধামও পরিদর্শন করেন।
রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে স্টেশন চত্বর থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানস্থল পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এই সফরকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি