
কলকাতা, ২৩ জুন (হি. স.) : রাজ্যের পুরনগর উন্নয়ন ও পুর প্রশাসন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মঙ্গলবার কাঁকুড়গাছি ভিআইপি মার্কেট পরিদর্শন করেন এবং বাজারের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন। এই পরিদর্শন চলাকালীন বাজার চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চরম অব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বেহাল দশা দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
কলকাতা পুরনিগমের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মন্ত্রী গোটা বাজারটি ঘুরে দেখেন এবং পার্কিং ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশন, বিজ্ঞাপন ব্যবস্থাপনা তথা অন্যান্য প্রশাসনিক বিষয়গুলির পর্যালোচনা করেন। পরিদর্শন চলাকালীন তিনি ব্যবসায়ীদের স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানান, কোনো দোকানদার যেন নির্ধারিত সীমার বাইরে নিজেদের দোকানের পরিধি না বাড়ান।
বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বিগত প্রায় ৫০ বছরে এই বাজারের আশানুরূপ উন্নয়ন হয়নি এবং অনেক জায়গায় দোকানের ঠিক সামনেই আবর্জনার স্তূপ জমে থাকতে দেখা গেছে। তিনি ব্যবসায়ীদের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আপিল জানানোর পাশাপাশি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন যে, নিয়ম না মানলে পুরনিগমের পক্ষ থেকে আইনি জরিমানা করা হতে পারে।
অগ্নিমিত্রা পাল আরও বলেন, অনিয়ন্ত্রিত ও যত্রতত্র পার্কিং এবং অবৈধ বিজ্ঞাপনের কারণে পুরনিগমের রাজস্বের ব্যাপক ক্ষতি হচ্ছে। পরিদর্শনকালে উপস্থিত পুরনিগমের যুগ্ম কমিশনারকে এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার এবং দ্রুত ব্যবস্থা সংস্কারের নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, বাজারে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার, যাতে সাধারণ মানুষ আরও ভালো ও উন্নত পরিষেবা পেতে পারেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি