
হুগলি, ২৩ জুন (হি.স.): হুগলি জেলার চন্দননগরের ঐতিহ্যবাহী গোন্দলপাড়া জুটমিলে ফের কাজ স্থগিতের নোটিশ। আগামী শনিবার (২৭ জুন) থেকে মিল কর্তৃপক্ষ কারখানায় ‘সাসপেনশন অব ওয়ার্ক’–এর নোটিশ জারি করেছেন। কর্তৃপক্ষের এই আকস্মিক সিদ্ধান্তে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়তে চলেছেন মিলের প্রায় ৩ হাজারেরও বেশি শ্রমিক।
মঙ্গলবার মিল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে কাঁচামালের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। একই সঙ্গে বাজারে পর্যাপ্ত কাঁচা পাটের অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লোকসান সামাল দিয়ে মিলের উৎপাদন সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়েই তাঁরা সাময়িকভাবে মিলের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ। এদিকে নোটিশ জারির খবর ছড়িয়ে পড়তেই শ্রমিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, কাঁচামালের অভাবের অজুহাত দেখিয়ে বারবার মিল বন্ধ করে দেওয়াটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ