
জালোর, ২৩ জুন ( হি.স.): রাজস্থানের জালোরে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, জালোরের ৩ নম্বর শিল্পাঞ্চল এলাকায়। একটি বেপরোয়া গতির ক্রেনের ধাক্কায় হত এক কিশোর , গুরুতরভাবে আহত দুই । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম লক্ষ্য কুমার (১০) । আহতদের মধ্যে একজনের নাম নিখিল।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, ওই তিনজনের মধ্যে দুই কিশোরের বয়স ১৫ ও ১০ এবং তৃতীয়জন ছিল এক ৬ বছর বয়সি শিশু। তারা একটি স্কুটিতে করে বাড়ি ফিরছিল। জালোর-বাগরা রোডের কাছে ঘটে দুর্ঘটনাটি। সেই সময়ই বাগরা দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ক্রেন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় লক্ষ্য কুমারের। নিখিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য যোধপুরের এক হাসপাতালে স্থানান্তরিত করেন।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত ক্রেনটিকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক