
নয়ডা, ২৩ জুন (হি.স.): নয়ডার চিল্লা রেগুলেটর থেকে মহামায়া ফ্লাইওভার পর্যন্ত নির্মীয়মাণ ৫.৫৭০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রোডের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই পিলারগুলির উপর পিয়ার ক্যাপ বসানোর কাজ শুরু হয়েছে। এবার রাস্তার ধারে র্যাম্প এবং এলিভেটেড রোডের জন্য প্রয়োজনীয় পিলার নির্মাণের কাজ শুরু হবে।
যান চলাচলের সুবিধার কথা মাথায় রেখে উদ্যোগ মার্গের মাঝ বরাবর পিলার নির্মাণ করা হবে। এ জন্য সেতু নিগম শাহদারা নালার উপর অবস্থিত দুই সেতুর মধ্যবর্তী অংশে খননকাজ শুরু করেছে। নির্মাণকাজ উপরের স্তরে পৌঁছালে যান চলাচলে পরিবর্তন আনা হবে। পাশাপাশি গার্ডার বসানোর সময় উদ্যোগ মার্গে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।
প্রশাসন জানিয়েছে, ৮৯২.৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয় লেনের এই এলিভেটেড রোড প্রকল্পের ৫৪ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় মোট ২৯৬টি পিলার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২৮০টি পিলারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস