
বাগপত, ২৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের বাগপত শহরের কোর্ট রোডের ৪ নম্বর গলিতে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বাড়ির ভিতর থেকে ২৮ বছর বয়সী দীপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং মানসিক চাপের কারণেই এই চরম পদক্ষেপ করেছেন দীপক। তাঁর ভাই রাহুল জানান, প্রায় চার মাস আগে দীপকের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, প্রায় এক মাস আগে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই বিবাদের নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়। সেখানে আড়াই লক্ষ টাকা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছিল। মৃতের পরিবারের সদস্যদের দাবি, সমঝোতা এবং দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েনের জেরে দীপক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা গিয়েছে, দীপক দিল্লির একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
বাগপত থানার ভারপ্রাপ্ত আধিকারিক ব্রিজেশ কুমার জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস