
বিজনৌর, ২৩ জুন (হি.স.) : উত্তর প্রদেশের বিজনৌর জেলার চাঁদপুর থানা এলাকায় ভয়াবহ পথদুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর এক সঙ্গী। সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাডলা গ্রামের বাসিন্দা আয়ান তাঁর বন্ধু জিশানকে নিয়ে মোটরবাইকে চেপে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। জলিলপুর ব্লকের কাছে তাঁদের বাইকের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুই যুবকই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।ঠিক সেই সময় চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক আয়ানের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত জিশানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের আরোহী এবং ট্রাক চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বর পেয়ে চাঁদপুর থানার পুলিশ ও অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত জিশানকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক চালকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস