কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টি, বিধান মার্কেটের সামনে ভেঙে পড়ল গাছ
কলকাতা, ২৩ জুন (হি. স.) : সকালের ভ্যাপসা আর অস্বস্তিকর গরম কাটিয়ে দুপুরের পর থেকেই আচমকা আবহাওয়া বদলে ফেলল কলকাতা তথা দক্ষিণবঙ্গের আবহাওয়া। দুপুরের দিকে মহানগরের আকাশ কুচকুচে কালো করে নেমে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে ধেয়ে এলো ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহ
কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টি


কলকাতা, ২৩ জুন (হি. স.) : সকালের ভ্যাপসা আর অস্বস্তিকর গরম কাটিয়ে দুপুরের পর থেকেই আচমকা আবহাওয়া বদলে ফেলল কলকাতা তথা দক্ষিণবঙ্গের আবহাওয়া। দুপুরের দিকে মহানগরের আকাশ কুচকুচে কালো করে নেমে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে ধেয়ে এলো ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু তীব্র বজ্রপাত। প্রবল এই ঝড়ের দাপটে সেন্ট্রাল কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে জওহরলাল নেহরু রোডের ওপর বিধান মার্কেটের সামনে একটি বিশাল গাছ উপড়ে পড়ে। ঝড়ের তীব্রতায় ওই এলাকার বেশ কিছু অস্থায়ী দোকানপাটের ছাউনিও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে।

ধর্মতলা, পার্কস্ট্রিট এবং কলকাতা হাই কোর্ট সংলগ্ন এলাকার রাস্তাগুলিতে একাধিক বড় গাছ ভেঙে পড়ায় ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যস্ত সময়ে এই সব গুরুত্বপূর্ণ ও প্রধান রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। দুপুরের এই আকস্মিক ও প্রবল দুর্যোগে মহানগরের স্বাভাবিক জনজীবন একপ্রকার স্তব্ধ হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুরসভা ও ট্রাফিক পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande