
আরামবাগ, ২৩ জুন (হি.স.): কামারপুকুর পৌরসভা ঘোষণার পর ধন্যবাদ যাত্রার মঞ্চ থেকে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের করা ঘোষণাকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে ভাবাদিঘি এলাকায়। বিধায়ক জানিয়েছিলেন, আগামী দুর্গাপুজোর মধ্যেই ভাবাদিঘির উপর দিয়ে কামারপুকুর পর্যন্ত রেল চলাচল শুরু হবে।
এই ঘোষণার পর মঙ্গলবার প্রতিক্রিয়া দিতে গিয়ে ভাবাদিঘি বাঁচাও কমিটির অন্যতম নেতা সুকুমার রায় বলেন, “বিধায়ক যদি প্রশাসনিক প্রধান হিসেবে এই কথা বলে থাকেন, তাহলে নিশ্চয়ই তার ভিত্তি রয়েছে। আমরা আশা করছি ঘোষণাটি বাস্তবায়িত হবে।” তবে একই সঙ্গে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ চললেও তার গতি অত্যন্ত মন্থর। বিভিন্ন সময়ে রেল প্রকল্প নিয়ে একাধিক আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজের অগ্রগতি প্রত্যাশিত নয় বলেই অভিযোগ স্থানীয়দের। সুকুমার রায়ের মতে, বিধায়কের এই প্রতিশ্রুতির ফলে যদি কাজের গতি বৃদ্ধি পায়, তাহলে এলাকার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে।
তিনি আরও বলেন, “রেল প্রকল্প সম্পূর্ণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না, এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও নতুন দিগন্ত খুলে যাবে। তাই বিধায়কের ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন ভাবাদিঘির মানুষ।” স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বহু বছর ধরে এই রেল প্রকল্প নিয়ে নানা জটিলতা ও অনিশ্চয়তা ছিল। ফলে সাম্প্রতিক এই ঘোষণা তাঁদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন সকলের নজর প্রশাসন ও রেল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে।
দুর্গাপুজোর আগেই কামারপুকুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে কি না, তা সময়ই বলবে। তবে বিধায়কের ঘোষণার পর ভাবাদিঘিবাসী যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন, তা স্পষ্ট।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA