
কলকাতা, ২৪ জুন (হি.স.): জমি দখল, তোলাবাজি এবং বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত সোনা পাপ্পু মামলায় তদন্তের পরিধি আরও বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ ৩ জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
সূত্রের খবর, কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর স্ত্রী সোমা এবং তাঁর পরিবারের অন্য সদস্যদেরও চলতি সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোনা পাপ্পুর সঙ্গে জড়িত আর্থিক লেনদেন এবং সম্পত্তির বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, এপ্রিল মাসে, বালি পাচার মামলার তদন্তে কালীঘাট থানার প্রাক্তন আইসি শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছিল ইডি। বারংবার সমন এড়ানোর পর তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। পরবর্তীতে তিনি ইডি দফতরে হাজিরা দিলে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, সোনা পাপ্পুও দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর এড়িয়ে চলছিলেন। গত মাসে তিনি হঠাৎই তাঁর স্ত্রীর সঙ্গে সিজিও কমপ্লেক্সে পৌঁছান। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি তাঁকে গ্রেফতার করে। বর্তমানে শান্তনু সিনহা বিশ্বাস, এবং সোনা পাপ্পু দু'জনেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ