মাইথন জলাধারে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত ছাত্র
পশ্চিম বর্ধমান, ২৫ জুন (হি.স.): স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে মাইথন জলাধারে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক স্কুলছাত্রের। জলাধারের তলিয়ে মৃত্যু হল আসানসোলের বাসিন্দা, দশম শ্রেণির ছাত্র প্রিন্স কুমারের। বুধবার রাতে তার দেহ উদ্ধার হয়। এই ঘ
মাইথন জলাধারে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত ছাত্র


পশ্চিম বর্ধমান, ২৫ জুন (হি.স.): স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে মাইথন জলাধারে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক স্কুলছাত্রের। জলাধারের তলিয়ে মৃত্যু হল আসানসোলের বাসিন্দা, দশম শ্রেণির ছাত্র প্রিন্স কুমারের। বুধবার রাতে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়েছিল প্রিন্স। কিন্তু স্কুলে না গিয়ে তারা সোজা চলে যায় মাইথন জলাধারে। সেখানে সবাই মিলে স্নান করতে নামলে আচমকাই গভীর জলে তলিয়ে যেতে থাকে প্রিন্স। তার বন্ধুরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। চোখের নিমেষেই জলের তলায় তলিয়ে যায় সে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে প্রিন্সের বন্ধুরা। ভয় পেয়ে তারা পুলিশ বা স্থানীয় প্রশাসনকে কিছু না জানিয়েই সেখান থেকে চম্পট দেয়। এদিকে বিকেল গড়িয়ে রাত হলেও প্রিন্স বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। চারদিকে খোঁজখবর নিয়েও ছেলের সন্ধান না পেয়ে শেষমেশ আসানসোল উত্তর থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। প্রিন্সের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল ঘটনা। এরপরই কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ স্থানীয় নৌকা চালকদের সহায়তায় মাইথন জলাধারে তল্লাশি অভিযান শুরু করে। বুধবার গভীর রাতে জল থেকে প্রিন্সের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande