
কলকাতা, ২৪ জুন (হি.স.): কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। সেখানে অনেক শ্রমিক কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে এই ঘটনাটি ঘটেছে। দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা কাজ করছেন। এখনও পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা হয়েছে। মৃদু আওয়াজ ভেসে আসছে ভেঙে পড়া কাঠামোর ভিতর থেকে। ৫০-৬০ জন আটকে আছেন তার মধ্যে, আশঙ্কা স্থানীয়দের। ঢালাইয়ের সময়ে লোহার ছাউনি ভেঙে পড়ে এই বিপর্যয়। ভেঙে পড়া গোডাউনের ফাঁক গলে অনেকে চিৎকার করছেন স্বজনের খোঁজে। বিজেপি নেতা রাকেশ সিংহের দাবি, একাধিক জনের মৃত্যু হয়েছে। তিনি গাফিলতিতে অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি করেছেন। নিম্নমানের সামগ্রী দিয়ে গোডাউনের শেড তৈরির অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন, সবাইকে উদ্ধার করা প্রাথমিক অগ্রাধিকার।
বুধবার দুপুরে আচমকাই তারাতলার ওই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে। সেই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন তাঁরা। ঘটনা নজরে আসতে স্থানীয়েরা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ