
মগরাহাট, ২৪ জুন (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দিনদুপুরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে মগরাহাট থানার হরিশংকরপুর এলাকার ভরত ঘোষ মোড়ে নিজের দোকানের মধ্যেই খুন হন আশাব্রত সর্দার নামে এক ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবারও নিজের বিল্ডার্স সামগ্রীর দোকানে বসে ছিলেন আশাব্রত সর্দার। অভিযোগ, সেই সময় মেঘনাদ সর্দার নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে দোকানে ঢুকে আচমকাই তাঁর উপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন আশাব্রত। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।নিহতের পরিবারের অভিযোগ, দোকান ও সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের আইনি বিবাদের জেরেই এই খুন। সম্প্রতি মামলায় আশাব্রত সর্দারের পক্ষে রায় যাওয়ায় ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তাঁদের দাবি।ঘটনার পর মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত মেঘনাদ সর্দারের খোঁজে তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়