
কলকাতা, ২৪ জুন (হি. স.) : দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম লোকভবনে গেলেন ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার এক মুখোমুখি সাক্ষাৎকারে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন। এরপর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এবং তাঁর মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নতুন সরকারের আমলে গৃহীত পদক্ষেপ ও নিয়োগ নীতিসহ নানাবিধ বিষয়ে বৈঠক হয়।
উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। উচ্চশিক্ষা ক্ষেত্রের নানান বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
মন্ত্রী জানান, মানুষের প্রত্যাশা পূরণে পরিশ্রম, নতুন প্রযুক্তির প্রয়োগ এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের জন্য আচার্যের পথনির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাবে উচ্চশিক্ষা দফতর— এই দৃঢ় অঙ্গীকারের কথাও তিনি ব্যক্ত করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত