
দুর্গাপুর, ২৪ জুন (হি. স.): দেশবিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুর্গাপুরের রায়ডাঙা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তির বাড়ির উঠোনে পাকিস্তানের পতাকা দেখতে পাওয়ার পরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রায়ডাঙা এলাকার বাসিন্দা আশরাফুদ্দিন আহমেদের বাড়ির সামনে মঙ্গলবার সকালে পাকিস্তানের পতাকা দেখতে পান স্থানীয়রা। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকার একাংশের মানুষ তাঁর বাড়ি ঘেরাও করে প্রতিবাদে সামিল হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ উত্তেজিত জনতার মধ্য থেকে আশরাফুদ্দিন আহমেদকে নিরাপত্তার স্বার্থে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করে আসছেন। কয়েকদিন আগেও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বলে দাবি এলাকাবাসীর। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আশরাফুদ্দিন আহমেদ। তাঁর বক্তব্য, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং অভিযোগগুলির কোনও ভিত্তি নেই। ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়