
বারাসত, ২৪ জুন (হি.স.) : আদালতে যাওয়ার পথে এক ভয়াবহ এবং মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী হলো উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এলাকা। অটোর কাচ ভেঙে একটি মোটা লোহার রড সরাসরি বুকে ঢুকে গিয়ে মৃত্যু হলো বারাসত আদালতের এক আইনজীবীর। মৃত আইনজীবীর নাম উত্তম দস্তিদার (৪৯)। বুধবার দুপুরে বারাসত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ সংলগ্ন পাঞ্জাবিখোলা এলাকায় এই লোমহর্ষক দুর্ঘটনাটি ঘটেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ব্যারাকপুর থেকে বারাসত আদালতের দিকে যাচ্ছিলেন তিন আইনজীবী— শ্যামাপদ সেন, তাঁর ভাগ্নে উত্তম দস্তিদার এবং আরও এক ব্যক্তি। অন্য দিন তাঁরা চার চাকার নিজস্ব গাড়িতে যাতায়াত করলেও, আজ গাড়িতে কিছু যান্ত্রিক সমস্যা থাকায় তাঁরা ব্যারাকপুর থেকে একটি অটোয় চেপে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মৃত আইনজীবী উত্তমবাবু অটোর চালকের পাশের আসনে বসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, নীলগঞ্জের পাঞ্জাবিখোলা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিন ভ্যানে তখন লোহার মোটা রড লোড করা হচ্ছিল। সেই সময় বারাসতমুখী অটোটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই রড বোঝাই ইঞ্জিন ভ্যানের পেছনে সজোরে ধাক্কা মারে এবং পাশে একটি গাছে আটকে যায়। ধাক্কার অভিঘাতে ভ্যানে থাকা একটি বিশালাকার লোহার রড অটোর সামনের কাচ ভেঙে সরাসরি চালকের পাশে বসা উত্তম দস্তিদারের বুকে ঢুকে যায়।
এমন হাড়হিম করা দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রডটি উত্তমবাবুর বুকে গেঁথে থাকায় প্রথমে স্থানীয় একটি দোকান থেকে যন্ত্র এনে লোহার বারটি কাটার চেষ্টা করা হয়। এরপর রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান। অটোয় থাকা বাকি দুই আইনজীবীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের আঘাত গুরুতর নয় এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে বারাসত থানার পুলিশ হাসপাতালে এবং দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘাতক গাড়ি দুটিকে আটক করার প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অটোর গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় বারাসত আদালতের আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি