
কলকাতা, ২৫ জুন (হি.স.): প্রবল বৃষ্টির সঙ্গে ঘন ঘন পড়ছে বাজ। ফলে, তারাতলার ভেঙে পড়া গুদামে আপাতত বন্ধ উদ্ধারকাজ। বৃহস্পতিবার তারাতলার ওই দুর্ঘটনাস্থলে প্রবল বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। খোলা আকাশের নিচে এই পরিস্থিতিতে উদ্ধারকাজ চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন উদ্ধারকারী দল। নিরাপত্তার স্বার্থে উদ্ধারকারী দলের সদস্যেরা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা একটি নিরাপদ অংশে ভিতরে আশ্রয় নেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারও তারাতলায় উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। ভিতরে এখনও বেশ কয়েক জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুর ১২.৭ মিনিটে তারাতলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ গুদামের ছাদ। লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়ে যান অন্তত ৪০ জন শ্রমিক। পুলিশ, দমকলের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। পরে রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাতে যোগ দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ