
হাফলং (অসম), ২৫ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় চলমান জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই) এবং এনএইচআইডিসিএল-এর বিভিন্ন সড়ক প্রকল্পের ক্ষতিপূরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার হাফলং আবর্ত ভবনে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী আয়ুক্ত এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এছাড়া বৈঠকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের আধদিকারিকদের পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এনএইচআইডিসিএল-এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
বৈঠকে চলমান সড়ক নির্মাণ প্রকল্পগুলির অগ্রগতি, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত বিষয় এবং প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত বিভিন্ন সমস্যার পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্পগুলি যথাসময়ে ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পগুলির দ্রুত অগ্রগতি ও জনস্বার্থে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব