
ফতেহাবাদ, ২৫ জুন (হি.স.) : জমি নিয়ে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে হরিয়ানার ফতেহাবাদ জেলায়। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম সুখবিন্দর সিং। তিনি হুকমানওয়ালি গ্রামের বাসিন্দা।
ঘটনার সূত্রপাত হয় ২২ জুন। অভিযোগ অনুযায়ী, পাঞ্জাবের মানসা জেলার মিয়া গ্রামের বাসিন্দা অমৃতপাল কৌর (সুখদীপ সিংয়ের স্ত্রী) একটি জমি সংক্রান্ত বিরোধের ভিত্তিতে অভিযোগ দায়ের করেন। সেই দিন বিতর্কিত জমিতে কাজ চলছিল। সেই সময় অভিযুক্ত পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ শুরু করে। অভিযোগে বলা হয়েছে, সুখবিন্দর সিং তার ট্রাক্টর নিয়ে এসে অভিযোগকারীর ভাইকে চাপা দেওয়ার চেষ্টা করে। ওই সময় লালানওয়ালির বাসিন্দা পরমজিৎ সিং বাধা দিতে গেলে অভিযুক্তরা লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই পরমজিৎ সিংয়ের মৃত্যু হয় এবং অমৃতপাল কৌরও আহত হন।
ঘটনার পর পুলিশ অভিযোগ ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে। দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুখবিন্দর সিংকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, ঘটনার পরপরই কড়া নজরদারি ও তৎপরতার ফলে মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকি অভিযুক্তদেরও শীঘ্রই ধরা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস