
আরামবাগ , ২৫ জুন (হি.স.) : মহান শিক্ষাবিদ, প্রখ্যাত জননেতা ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার খানাকুল রামমোহন ডিগ্রি কলেজে আয়োজিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ পালন অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা এবিভিপি সভাপতি শুভঙ্কর খান এবং অন্যান্য সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর জীবনাদর্শ, শিক্ষাক্ষেত্রে অবদান, দেশপ্রেম ও জাতীয় চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ ও সমাজচিন্তক। দেশের শিক্ষা ব্যবস্থা ও জাতীয়তাবাদী চিন্তাধারার বিকাশে তাঁর অবদান আজও স্মরণীয়। বর্তমান প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মজীবন তুলে ধরার লক্ষ্যেই এই স্মৃতি পক্ষের আয়োজন করা হয়েছে।
এবিভিপি সভাপতি শুভঙ্কর খান তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, দেশের প্রতি কর্তব্যবোধ, শিক্ষার প্রতি নিষ্ঠা এবং সমাজের উন্নয়নে আত্মনিয়োগের ক্ষেত্রে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এক অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে যুব সমাজকে দেশগঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গোটা অনুষ্ঠান জুড়ে কলেজ প্রাঙ্গণে এক শ্রদ্ধাময় ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও চিন্তাধারা ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA