মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁসে সরব বিরোধীরা, পরীক্ষার আগের দিনই বাতিল মহা-টেট
থানে, ২৮ জুন (হি.স.) : প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার আগের দিনই মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (মহা-টেট) বাতিল করে দিল মহারাষ্ট্র পরীক্ষা পরিষদ। রবিবার (২৯ জুন) রাজ্যজুড়ে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ভিওয়ান্ডি এলাকায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁসে সরব বিরোধীরা, পরীক্ষার আগের দিনই বাতিল মহা-টেট


থানে, ২৭ জুন (হি.স.) : প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার আগের দিনই মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (মহা-টেট) বাতিল করে দিল মহারাষ্ট্র পরীক্ষা পরিষদ। রবিবার (২৯ জুন) রাজ্যজুড়ে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ভিওয়ান্ডি এলাকায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পরীক্ষার দিন পরে সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হবে বলে জানিয়েছে পরিষদ।

মহারাষ্ট্র পরীক্ষা পরিষদ সূত্রে খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিওয়ান্ডি এলাকা থেকে উদ্ধার হওয়া একটি ফাঁস হওয়া প্রশ্নপত্র যাচাই করে দেখা যায়, রবিবারের পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে একাধিক প্রশ্নের হুবহু মিল রয়েছে। এরপরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বছর রাজ্যের ১,০২৮টি পরীক্ষাকেন্দ্রে মোট ৪ লক্ষ ২৮ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মহা-টেটে বসার কথা ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৫ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী ছিলেন পুনে জেলার।

ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একাধিক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে কিছু কোচিং সেন্টার এবং শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর যোগ থাকতে পারে। গোটা চক্রের মূল হোতাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

এদিকে পরীক্ষা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এনসিপি-এসসিপি বিধায়ক রোহিত পওয়ার অভিযোগ করেন, ২০২৬ সালে নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনাতেও কেন্দ্রীয় সরকার শুধুমাত্র লোকদেখানো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কয়েক দিনের মধ্যেই সেই তদন্ত কার্যত স্তিমিত হয়ে যায়। মহা-টেট প্রশ্নফাঁসের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে দাবি তাঁর। রোহিতের অভিযোগ, অতীতে নিট-কাণ্ডের জেরে বহু ছাত্রছাত্রীর জীবন বিপর্যস্ত হয়েছিল। এবারও যদি একই ধরনের ঘটনা ঘটে, তার দায় সরকারকেই নিতে হবে। এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁরা মন্ত্রী হোন বা অন্য কেউ, সকলের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ বারবার সামনে এসেছে। এর আগে নিট-ইউজি প্রশ্নফাঁস মামলায় গ্রেফতার হওয়া ১৩ জনের মধ্যে নয় জনই মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। মহা-টেট বাতিলের ঘটনায় ফের রাজ্যের পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা, স্বচ্ছতা এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande