
খেডা, ২৭ জুন (হি.স.) : গুজরাটের খেডা জেলার কাপাডভাঞ্জে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে সম্পূর্ণ ভেঙে পড়ল কারখানার ভবন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের একাধিক গ্রাম পর্যন্ত বিকট শব্দ শোনা যায়। আতঙ্কে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন।
শনিবার ডাম্পিং স্টেশনের সামনে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের সময় অন্তত পাঁচ থেকে ছয় জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন শ্রমিকরা। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বাইরে বের করে আনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে অন্তত দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য নাডিয়াদ ও আমদাবাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতদেরও চিকিৎসা চলছে।
খবর পেয়ে পুলিশ, দমকল এবং প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের।
মহকুমাশাসক অনিল ঝালা জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কারখানায় আতশবাজির সলতে (দিবেট) তৈরির কাজ চলছিল। তবে কারখানাটি কতদিন ধরে চালু ছিল এবং প্রয়োজনীয় লাইসেন্স বা প্রশাসনিক অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের সঠিক কারণের পাশাপাশি কারখানাটি আইন মেনে পরিচালিত হচ্ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য