বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল অস্ত্রোপচার এবার সরকারি হাসপাতালে, নয়াগ্রামে বিনামূল্যে সফল হাঁটু প্রতিস্থাপনে নজির
ঝাড়গ্রাম, ২৭ জুন (হি.স.) : সীমান্তবর্তী এলাকার সরকারি স্বাস্থ্য পরিষেবায় নতুন মাইলফলক গড়ল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। সাধারণত লক্ষাধিক টাকা খরচ হওয়া হাঁটু প্রতিস্থাপনের (টোটাল নি রিপ্লেসমেন্ট) মতো জটিল অস্ত্রোপচার এবার
বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল অস্ত্রোপচার এবার সরকারি হাসপাতালে, নয়াগ্রামে বিনামূল্যে সফল হাঁটু প্রতিস্থাপনে নজির


ঝাড়গ্রাম, ২৭ জুন (হি.স.) : সীমান্তবর্তী এলাকার সরকারি স্বাস্থ্য পরিষেবায় নতুন মাইলফলক গড়ল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। সাধারণত লক্ষাধিক টাকা খরচ হওয়া হাঁটু প্রতিস্থাপনের (টোটাল নি রিপ্লেসমেন্ট) মতো জটিল অস্ত্রোপচার এবার সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে সম্পন্ন করলেন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরা। এই সাফল্যের ফলে শুধু ঝাড়গ্রাম নয়, পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর-সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের কাছে সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতি আস্থা আরও দৃঢ় হল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার চন্দনিগ্রামের ৬০ বছর বয়সি সাধন সিং দীর্ঘদিন ধরে বাম হাঁটুর অসহনীয় ব্যথায় ভুগছিলেন। হাঁটুর হাড়ের ব্যাপক ক্ষয়ের কারণে তাঁর স্বাভাবিক চলাফেরা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। দৈনন্দিন কাজকর্মও করতে পারছিলেন না। বিভিন্ন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা করিয়েও স্থায়ী উপশম না মেলায় শেষ পর্যন্ত তিনি নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. বিভাস বাঁকের শরণাপন্ন হন।

প্রয়োজনীয় এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, রোগীর হাঁটুর জয়েন্ট এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওষুধ বা সাধারণ চিকিৎসায় আর উপকার হবে না। সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনই একমাত্র কার্যকর চিকিৎসা। এরপর হাসপাতালেই অস্ত্রোপচারের পরিকল্পনা করা হয়।

প্রায় দু'ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা সফলভাবে রোগীর বাম হাঁটু প্রতিস্থাপন করেন। অস্ত্রোপচারের পর রোগী সুস্থ রয়েছেন এবং হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। দ্রুত তাঁর স্বাভাবিক চলাফেরা ফিরে আসবে বলেও আশাবাদী চিকিৎসকরা।

সাধারণত বেসরকারি হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচারে কয়েক লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। সেই ব্যয়বহুল চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে পাওয়ায় স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধন সিং এবং তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, আর্থিক সামর্থ্যের অভাবে যে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না, তা সরকারি হাসপাতালেই বিনা খরচে হওয়ায় নতুন জীবন ফিরে পাওয়ার আশা জেগেছে।

হাসপাতালের সুপার দেবাশিস মাহাতো বলেন, সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে টোটাল নি রিপ্লেসমেন্টের মতো উচ্চমানের অর্থোপেডিক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত গর্বের বিষয়। এই সাফল্যের নেপথ্যে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক, অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ, অপারেশন থিয়েটারের কর্মী এবং নার্সিং স্টাফদের সমন্বিত ও নিরলস প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

উল্লেখ্য, এর আগেও নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক জটিল অর্থোপেডিক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে সম্পূর্ণ বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপনের মতো অত্যাধুনিক অস্ত্রোপচার সফল হওয়ায় সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন স্বাস্থ্য মহলের একাংশ। এর ফলে ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর-সহ সীমান্তবর্তী এলাকার বহু রোগীও উন্নত চিকিৎসার জন্য এখন এই হাসপাতালের উপর আরও বেশি আস্থা রাখতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande