
ভাটিন্ডা, ২৭ জুন (হি.স.) : পঞ্জাবের ভাটিন্ডায় আরএসএস কার্যালয়ের কাছে একটি হোমিওপ্যাথি ক্লিনিকে পেট্রোল বোমা হামলার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সন্দীপ সিং। শনিবার রিং রোড এলাকা থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভাটিন্ডা পুলিশ এবং কাউন্টার ইন্টেলিজেন্স শাখার যৌথ অভিযানে এই ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দীপ সিংয়ের বিদেশে বসে পরিচালিত একটি অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে পাকিস্তানভিত্তিক জঙ্গি শাহজাদ ভাট্টির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই এই হামলার আন্তর্জাতিক যোগসূত্র সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, বিগত কয়েক দিন আগে গভীর রাতে ভাটিন্ডার আরএসএস কার্যালয়ের কাছে অবস্থিত হোমিওপ্যাথি ক্লিনিকে মোটরবাইকে এসে দুষ্কৃতীরা পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে ক্লিনিকের সামনের অংশ ও একটি স্কুটারের ক্ষতি হলেও কোনও প্রাণহানি হয়নি। ঘটনার পর সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনার পর নতুন করে চাঞ্চল্য ছড়ায়, যখন ক্লিনিকের মালিকের স্ত্রী চিকিৎসক রজনী জিন্দাল অভিযোগ করেন, হামলার কিছুক্ষণের মধ্যেই তাঁর হোয়াটসঅ্যাপে ফোন ও বার্তা আসে। ফোনকারী নিজেকে শাহজাদ ভাট্টি বলে পরিচয় দিয়েছিল বলে তাঁর দাবি। সেই অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলার নেপথ্যে সক্রিয় গোটা নেটওয়ার্ককে চিহ্নিত করার চেষ্টা চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার পরিকল্পনা, অর্থের উৎস, সম্ভাব্য বিদেশি যোগাযোগ এবং ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা সম্পর্কেও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য