
আরামবাগ , ২৭ জুন (হি.স.): প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বিজয়ী মোদকের ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে আরামবাগে রক্তদান ও মরণোত্তর দেহদান সচেতনতা শিবির প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বিজয়ী মোদকের ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আরামবাগে রক্তদান শিবির ও মরণোত্তর দেহদান সচেতনতা কর্মসূচির আয়োজন করল ডিওয়াইএফআই। আরামবাগের সিপিআই(এম)-এর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা সংগ্রামী বিজয়ী মোদকের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বহু যুবক-যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি মরণোত্তর দেহদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিশেষ প্রচার চালানো হয় এবং ইচ্ছুক ব্যক্তিদের দেহদান সংক্রান্ত অঙ্গীকারপত্র পূরণের ব্যবস্থাও করা হয়।
আয়োজকদের বক্তব্য, স্বাধীনতা সংগ্রামী বিজয়ী মোদকের আদর্শকে স্মরণ করেই সমাজসেবামূলক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো, রক্তের সংকট মোকাবিলা এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে দেহদানের মতো মানবিক উদ্যোগকে আরও ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
দিনভর এই কর্মসূচিকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন এবং মানবকল্যাণে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA