
আরামবাগ , ২৭ জুন (হি.স.): আরামবাগের চাঁদুর ফরেস্ট এলাকায় কয়েকদিন আগে খুন হওয়া ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা বাগ (৬৭)-এর মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি। শনিবার ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল।
পুলিশের উপস্থিতিতে ফরেনসিক দলের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে ঘটনাস্থল খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি মাটি, রক্তের চিহ্ন এবং অন্যান্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ঘটনাস্থলের বিভিন্ন দিক বিশ্লেষণ করে কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, কয়েকদিন আগে চাঁদুর ফরেস্ট এলাকা থেকে মনসা বাগের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখান।
তদন্তকারী পুলিশ আধিকারিকদের মতে, ফরেনসিক দলের রিপোর্ট এই মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখে প্রকৃত দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA