রামনগর বিস্ফোরণ কাণ্ডে নিহতের পরিবারে সরকারি চাকরির দাবি কংগ্রেস বিধায়কের
আগরতলা, ২৭ জুন (হি.স.) : ত্রিপুরায় সাম্প্রতিক সময়ে বিজেপি কর্মীদের উপর হামলা, আহত ও নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বনমালীপুরের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। একইসঙ্গে আগরতলার রামনগরের একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজি
কংগ্রেস বিধায়ক


আগরতলা, ২৭ জুন (হি.স.) : ত্রিপুরায় সাম্প্রতিক সময়ে বিজেপি কর্মীদের উপর হামলা, আহত ও নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বনমালীপুরের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। একইসঙ্গে আগরতলার রামনগরের একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোপাল চন্দ্র রায় বলেন, একজন রাজনৈতিক কর্মীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তিনি দাবি করেন, নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকারের অবিলম্বে দাঁড়ানো উচিত।

তিনি সরকারের কাছে নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান। তাঁর বক্তব্য, পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই মানবিকতার খাতিরে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এদিন তিনি আরও বলেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের হাতেই বিজেপি কর্মী আহত ও নিহত হওয়ার মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দলের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ করছে, তেমনি রাজ্যের সামগ্রিক শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্নের সৃষ্টি করছে।

বিধায়ক গোপাল চন্দ্র রায় ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের দাবি জানিয়ে বলেন, যে বা যারা এই ঘটনায় জড়িত, তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande