
আগরতলা, ২৭ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আগরতলায় এগিয়ে চলো সংঘের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল একদিনের উন্মুক্ত যোগা চ্যাম্পিয়নশিপ। সংঘের যোগা প্রশিক্ষণ কেন্দ্রের মহিলা সদস্যদের উদ্যোগে প্রথমবার আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রথমবারের আয়োজনেই ব্যাপক সাড়া মেলায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেছেন।
জানা গেছে, গত ২১ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। সেই উপলক্ষ্যেই যোগব্যায়ামের প্রতি শিশু-কিশোর ও সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে এই উন্মুক্ত যোগা চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। প্রতিযোগীদের বয়সভিত্তিক চারটি বিভাগে ভাগ করে মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল থেকে আগরতলার এগিয়ে চলো সংঘ গৃহে শুরু হওয়া এই প্রতিযোগিতা সারাদিনব্যাপী চলে। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। প্রতিটি ইভেন্টে প্রথম পাঁচজন করে বিজয়ীকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
এগিয়ে চলো সংঘের সচিব সুমন্ত গুপ্ত জানান, প্রথমবারের এই উদ্যোগে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যোগব্যায়ামের কোনও বিকল্প নেই। নিয়মিত যোগচর্চা শরীর ও মনকে সুস্থ রাখে এবং বর্তমান ব্যস্ত জীবনেও মানুষকে মানসিকভাবে দৃঢ় থাকতে সাহায্য করে।
আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতা শুধু প্রতিভা বিকাশের ক্ষেত্রই তৈরি করে না, বরং নতুন প্রজন্মের মধ্যে যোগব্যায়ামের গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতার বার্তাও ছড়িয়ে দেয়। অংশগ্রহণকারীদের উৎসাহ এবং অভিভাবকদের উপস্থিতিতে দিনভর প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় প্রথম উন্মুক্ত যোগ চ্যাম্পিয়নশিপ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ