
শিলিগুড়ি, ২৮ জুন (হি.স.): ভোটের প্রতিশ্রুতি যে কেবলই স্লোগান নয়, তা কাজে করে দেখালেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। পরপর দু'বার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন শংকর| এবারে আবার হয়েছেন মন্ত্রীও| আর তার পরেই নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে তিনি আয়োজন করলেন ‘সরাসরি শংকর’ কর্মসূচি। রবিবার শিলিগুড়ির মার্গারেট স্কুলে আয়োজিত হয় এই কর্মসূচি| এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বরাবরই জনসংযোগকে অগ্রাধিকার দিয়ে এসেছেন শংকর ঘোষ। তাঁর মতে, একজন জনপ্রতিনিধির মূল কাজই হলো মানুষের পাশে থাকা এবং তাঁদের কথা শোনা।
রবিবারের এই কর্মসূচিতে শুধুমাত্র শিলিগুড়ি নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও নাগরিক সমস্যার কথা জানাতে মন্ত্রীর মুখোমুখি হন। শংকর ঘোষ অত্যন্ত ধৈর্য ধরে প্রত্যেকের অভাব-অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরে তা পাঠানোর নির্দেশ দেন| এই কর্মসূচিতে জনগণের বিপুল সাড়ায় আপ্লুত মন্ত্রী| তিনি জানিয়েছেন, যতদিন তিনি শিলিগুড়িতে আছেন, ততদিন এই ‘সরাসরি শংকর’ কর্মসূচি নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ