
মালদা, ২৮ জুন (হি.স.): রবিবার মালদা টাউন হলে কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী এবং কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের হাত ধরে কংগ্রেসে ফিরলেন গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূলের শাসনকালে নেতাদের এত দুর্নীতি আর সহ্য করতে পারছেন না। তাই পুরনো দলে যোগদান|
প্রসঙ্গত, কংগ্রেসের হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন প্রসেনজিৎ। পরে তিনি তৃণমূলে যোগ দেন। একসময় ইংলিশবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন প্রসেনজিৎ। বর্তমানে তাঁর মা ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর। প্রসেনজিৎ মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং জেলা যুব তৃণমূলের সভাপতি পদেও ছিলেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির কাছে পরাজিত হন। এরপরই কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত প্রসেনজিতের।
উল্লেখ্য, দীর্ঘদিন তৃণমূলে থাকার পর ফের পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কংগ্রেসের মৌসম নূরের দাবি, প্রসেনজিতের প্রত্যাবর্তনে সংগঠন আরও শক্তিশালী হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ