
বাঁকুড়া, ২৮ জুন (হি.স.) : সরকারি জমি দখল করে গড়ে ওঠা বেআইনি ক্লাব ও দোকানপাটের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। রবিবার বাঁকুড়া শহরের চার্চ মোড় থেকে স্কুলডাঙা যাওয়ার রাস্তা পরিদর্শনে গিয়ে তিনি সরকারি জমি দখল করে নির্মিত একটি ক্লাব ও একাধিক দোকান দেখে ক্ষোভ প্রকাশ করেন।
বিধায়ক জানান, সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত করে সরকারি জমি দখল কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি জেলা প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেআইনি ক্লাবঘর ও দখলীকৃত দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেওয়ার কথা জানান।
স্থানীয় সূত্রের অভিযোগ, পূর্ববর্তী শাসকদলের মদতে সরকারি জমি দখল করে ওই নির্মাণগুলি গড়ে ওঠে। বিধায়ক বলেন, প্রাক্তন সরকারের মদতে যারা সরকারি সম্পত্তি দখল করে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে, তাদের দিন শেষ। সাধারণ মানুষের রাস্তা দখল করে বেআইনি নির্মাণ মেনে নেওয়া হবে না। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিধায়কের এই মন্তব্যের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দ্রুত উচ্ছেদ অভিযানের দাবিতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট